ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শমরিতা হসপিটালের লভ্যাংশ বাড়লেও কমেছে সিভিওর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০৬, ২৫-১০-২০২৬

শমরিতা হসপিটালের লভ্যাংশ বাড়লেও কমেছে সিভিওর

ছবি: মেডিকেল পোস্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ও শমরিতা হসপিটাল লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। দুই কোম্পানিরই শেয়ারপ্রতি মুনাফা বাড়লেও সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ কমেছে। অন্যদিকে শমরিতা হসপিটাল আগের অর্থবছরের তুলনায় দ্বিগুণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটি এ তথ্য জানিয়েছে।

সিভিও পেট্রোকেমিক্যাল ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১১ শতাংশ নগদ ও ৯ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। সে হিসাবে আগের বছর মোট ২০ শতাংশ লভ্যাংশ দিলেও এবার শুধু নগদ লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৫-২৬ অর্থবছরে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৩ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৩ টাকা ৮২ পয়সা। এক বছরে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১ টাকা ১১ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৭৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

অন্যদিকে, শমরিতা হসপিটাল ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ফলে এবার লভ্যাংশের হার দ্বিগুণ হয়েছে।

আলোচ্য অর্থবছরে শমরিতা হসপিটালের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৬২ পয়সা। এক বছরে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫০ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৪৮ টাকা ৭৪ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর শমরিতা হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ কোম্পানিরও রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শমরিতা হসপিটালের মুনাফা বেড়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৩ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৯ পয়সা। এতে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৪ পয়সা বা প্রায় ২০ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৭ পয়সা।

এমপি/ আরআই

আরও পড়ুন