ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি এলিভ্যান্স হেলথ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:১৩, ১৫-০৭-২০২৬

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি এলিভ্যান্স হেলথ

ছবি: মেডিকেল পোস্ট

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান এলিভ্যান্স হেলথ ২০২৬ সালের বার্ষিক মুনাফার পূর্বাভাস বাড়ানোর ঘোষণা দিলেও তা বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ফলে বুধবার (১৫ জুলাই) বাজার খোলার আগেই কোম্পানিটির শেয়ারদর প্রায় ৯ শতাংশ পর্যন্ত কমে যায়।

দ্বিতীয় প্রান্তিকের আয়ের ফল প্রকাশের মাধ্যমে স্বাস্থ্যবিমা খাতের চলতি মৌসুমের আর্থিক প্রতিবেদন প্রকাশ শুরু করেছে এলিভ্যান্স হেলথ। কোম্পানিটির বড় প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডহেলথ বৃহস্পতিবার তাদের ফল প্রকাশ করবে।

এলিভ্যান্স হেলথ জানিয়েছে, ২০২৬ সালে শেয়ারপ্রতি সমন্বিত মুনাফার পূর্বাভাস কমপক্ষে ২৭ ডলার, যা আগে কমপক্ষে ২৬ দশমিক ৭৫ ডলার ছিল। বিশ্লেষকদের গড় পূর্বাভাস ছিল ২৬ দশমিক ৮৬ ডলার।

মর্নিংস্টারের বিশ্লেষক জুলি আটারব্যাক বলেন, চলতি প্রান্তিকে শেয়ারপ্রতি ১ ডলারের বেশি অতিরিক্ত মুনাফা হলেও, বার্ষিক মুনাফার পূর্বাভাসে (গাইডেন্স) মাত্র ০.২৫ ডলার বৃদ্ধি করায় সেই ভালো ফলের পূর্ণ প্রতিফলন ঘটেনি।

এভারকোর আইএসআই-এর বিশ্লেষক এলিজাবেথ অ্যান্ডারসন বলেন, বাজারে কোম্পানিটির প্রতি প্রত্যাশা অনেক বেশি ছিল। তবে চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে কোম্পানির ফল বিনিয়োগকারীদের প্রত্যাশার তুলনায় কিছুটা কম ছিল।

চলতি প্রান্তিকে এলিভ্যান্স হেলথের মেডিকেল লস রেশিও বা প্রিমিয়ামের যে অংশ চিকিৎসা ব্যয়ে খরচ হয়েছে, তা ছিল ৮৯ দশমিক ৭ শতাংশ। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৯০ দশমিক ১৫ শতাংশ।

এলিভ্যান্সের পূর্বাভাসের প্রভাব পড়ে অন্যান্য স্বাস্থ্যবিমা কোম্পানির শেয়ারেও। বাজার খোলার আগে মোলিনা হেলথকেয়ার-এর শেয়ার প্রায় ৯ শতাংশ এবং সেন্টিন, অস্কার ও ইউনাইটেডহেলথ-এর শেয়ার ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমে যায়।

সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যবিমা পরিকল্পনার সদস্যদের মধ্যে স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ায় স্বাস্থ্যবিমা কোম্পানিগুলোর চিকিৎসা ব্যয়ও বেড়েছে।

এর আগে এলিভ্যান্স হেলথ জানিয়েছিল, ২০২৬ সালকে তারা ‘এক্সিকিউশন অ্যান্ড রিপজিশনিং’ এর বছর হিসেবে দেখছে এবং ২০২৭ সালে অন্তত ১২ শতাংশ সমন্বিত মুনাফা প্রবৃদ্ধিতে ফিরতে চায়।

জুলি আটারব্যাক বলেন, মনে হচ্ছে, ২০২৬ সালের অতিরিক্ত মুনাফা তাৎক্ষণিকভাবে দেখানোর পরিবর্তে ব্যবস্থাপনা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছে। তাদের লক্ষ্য ২০২৭ সাল এবং পরবর্তী সময়গুলোতে অন্তত ১২ শতাংশ হারে মুনাফা বৃদ্ধি নিশ্চিত করা।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৭ দশমিক ৪৫ ডলার, যেখানে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৬ দশমিক ২১ ডলার।

এমপি/ আরআই

আরও পড়ুন