ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

সেনসোডাইন ও অ্যাডভিলের চাহিদায় বেড়েছে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:০৪, ৩০-০৭-২০২৬

সেনসোডাইন ও অ্যাডভিলের চাহিদায় বেড়েছে বিক্রি

ছবি: মেডিকেল পোস্ট

ব্রিটিশ ভোক্তা স্বাস্থ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হ্যালিওন উত্তর আমেরিকা ও উদীয়মান বাজারে প্রত্যাশার চেয়ে বেশি বিক্রির প্রবৃদ্ধি অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠানটি ২০২৬ সালের আর্থিক লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রেখেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রয়টার্স জানায় সেনসোডাইন টুথপেস্ট ও অ্যাডভিল ব্যথানাশক ওষুধের নির্মাতা প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে পণ্যের বিতরণ সম্প্রসারণ এবং দোকানগুলোতে পণ্যের অবস্থান (শেলফ পজিশনিং) উন্নত করার মাধ্যমে বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে। যদিও বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি এবং ভোক্তাদের সতর্ক ব্যয়ের প্রবণতা এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে উত্তর আমেরিকায় কোম্পানির অর্গানিক রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ১ শতাংশ। প্রথম প্রান্তিকে এ হার ছিল ১ শতাংশ। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ২ দশমিক ৫ শতাংশ।

একই সময়ে উদীয়মান বাজারে অর্গানিক প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। চীন, ভারত ও লাতিন আমেরিকায় শক্তিশালী চাহিদা এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

হ্যালিওন ২০২৬ সালের জন্য তাদের পূর্বঘোষিত আর্থিক লক্ষ্যমাত্রাও বহাল রেখেছে। কোম্পানিটির প্রত্যাশা, চলতি বছরে অর্গানিক রাজস্ব ৩ থেকে ৫ শতাংশ বৃদ্ধি পাবে এবং স্থির বিনিময় হার ধরে সমন্বিত পরিচালন মুনাফা উচ্চ এক অঙ্কের হারে বাড়বে।

বছরের প্রথমার্ধে কোম্পানিটির সমন্বিত পরিচালন মুনাফা হয়েছে ১৩৬ কোটি পাউন্ড, যা বিশ্লেষকদের ১৩২ কোটি পাউন্ডের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। দ্বিতীয় প্রান্তিকে মোট অর্গানিক রাজস্ব প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ, যা বাজারের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এমপি/ আরআই

আরও পড়ুন