ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ওষুধ ব্যবসায় গ্রানুলসের মুনাফা বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:১২, ২১-০৭-২০২৬ | আপডেট: ৩:১২, ২১-০৭-২০২৬

ওষুধ ব্যবসায় গ্রানুলসের মুনাফা বাড়ল

ছবি: মেডিকেল পোস্ট

প্রস্তুত ওষুধের বিক্রি বৃদ্ধি এবং মুনাফার হার (মার্জিন) উন্নত হওয়ায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রানুলস ইন্ডিয়ার নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রয়টার্স জানিয়েছে ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা প্রায় ৬০ শতাংশ বেড়ে ১৮০ কোটি রুপিতে (প্রায় ১ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার) পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১১৩ কোটি রুপি। সে সময় এককালীন ব্যয় থাকায় মুনাফা তুলনামূলক কম ছিল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রস্তুত ওষুধের বিক্রি বাড়ায় পরিচালন আয় ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৭৭ কোটি রুপিতে দাঁড়িয়েছে। একই সঙ্গে উন্নত পণ্যমিশ্রণের কারণে মুনাফার হার বেড়েছে, যা ব্যয় ১৭ শতাংশ বাড়লেও তা সামাল দিতে সহায়তা করেছে।

গত বছরের একই প্রান্তিকে সুইজারল্যান্ডভিত্তিক সেন কেমিক্যালস অধিগ্রহণ এবং কয়েকটি আইনি বিরোধ নিষ্পত্তির জন্য কোম্পানিটিকে ২৫ কোটি ৯১ লাখ রুপি এককালীন ব্যয় বহন করতে হয়েছিল। চলতি প্রান্তিকে এ ধরনের ব্যয় না থাকাও মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

বিশ্বের প্যারাসিটামল বাজারের প্রায় ৩০ শতাংশ সরবরাহ করে গ্রানুলস ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির ১০টি উৎপাদন কারখানার মধ্যে ভারতে সাতটি, যুক্তরাষ্ট্রে দুটি এবং ইউরোপে একটি রয়েছে।

বিশ্লেষকদের মতে, পেপটাইডভিত্তিক ও কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ওষুধের চাহিদা বৃদ্ধির ফলে কোম্পানিটির আয় আরও বাড়তে পারে। পাশাপাশি ক্যানসারবিষয়ক নতুন ওষুধের পাইপলাইন এবং যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (ইউএস এফডিএ) সম্ভাব্য অনুমোদন বিনিয়োগকারীদের নজরে রয়েছে।

প্রথম প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের পর শেয়ারবাজারে গ্রানুলস ইন্ডিয়ার শেয়ারের দাম একপর্যায়ে ৩ দশমিক ২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এমপি/ আরআই

আরও পড়ুন