ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

ওবামাকেয়ার শঙ্কায় ইনটুইটিভের শেয়ারে ধস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৩১, ১৮-০৭-২০২৬

ওবামাকেয়ার শঙ্কায় ইনটুইটিভের শেয়ারে ধস

ছবি: মেডিকেল পোস্ট

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমা কর্মসূচি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের (ওবামাকেয়ার) ভর্তুকি ও কভারেজে পরিবর্তনের আশঙ্কায় চাপে পড়েছে সার্জিক্যাল রোবট নির্মাতা ইনটুইটিভ সার্জিক্যাল। অস্ত্রোপচারের চাহিদা কমে যেতে পারে—এমন সতর্কবার্তার পর কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ১৩ শতাংশ কমেছে।

রয়টার্স জানায় গতকাল লেনদেনের শুরুতে ইনটুইটিভ সার্জিক্যালের শেয়ারদর দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে আসে। এতে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড রোজা বলেন, রোগীদের স্বাস্থ্যবিমা কভারেজ ও প্রিমিয়ামে পরিবর্তনের কারণে অনেকেই চিকিৎসা ও অস্ত্রোপচার পিছিয়ে দিচ্ছেন। বিশেষ করে যেসব অস্ত্রোপচার জরুরি নয়, সেগুলোর ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

ইনটুইটিভ সার্জিক্যাল জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ডা ভিঞ্চি রোবট-সহায়িত অস্ত্রোপচারের প্রবৃদ্ধি ১২ শতাংশ হয়েছে, যা প্রথম প্রান্তিকের ১৪ শতাংশ থেকে কম। তবে ২০২৬ সালে বিশ্বব্যাপী রোবট-সহায়িত অস্ত্রোপচারের প্রবৃদ্ধি ১৩ দশমিক ৫ থেকে ১৫ দশমিক ৫ শতাংশের পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বেসরকারি হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান এইচসিএ হেলথকেয়ারও সম্প্রতি জানিয়েছে, মহামারিকালে দেওয়া ওবামাকেয়ারের অতিরিক্ত ভর্তুকি শেষ হয়ে যাওয়ায় অস্ত্রোপচারের চাহিদা কমেছে এবং বিমাবিহীন রোগীর সংখ্যা বেড়েছে।

এই খাতের অন্য প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও প্রভাব পড়েছে। স্ট্রাইকার–এর শেয়ার ৩ শতাংশের বেশি এবং বস্টন সায়েন্টিফিক–এর শেয়ার ১ দশমিক ৪ শতাংশ কমেছে। তবে অ্যাবট–এর শেয়ার প্রায় ২ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, স্বাস্থ্যবিমা–সংক্রান্ত পরিবর্তনের কারণে অস্ত্রোপচারের সময় পিছিয়ে যাওয়ার প্রবণতা বাড়লেও ইনটুইটিভ সার্জিক্যালের শেয়ারের এই দরপতন কিছুটা অতিরঞ্জিত হতে পারে। তবুও অনিশ্চয়তার কারণে অন্তত এক ডজন ব্রোকারেজ প্রতিষ্ঠান কোম্পানিটির শেয়ারের লক্ষ্যমূল্য কমিয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন