ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৬ জমাদিউস সানি ১৪৪৮

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা, হাসপাতাল সিলগালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২৭, ২৭-১১-২০২৬

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা, হাসপাতাল সিলগালা

ছবি: মেডিকেল পোস্ট

কুমিল্লায় চিকিৎসাসেবায় নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি হাসপাতাল সিলগালা করেছে সিভিল সার্জন কার্যালয়।

গতকাল (২৬ নভেম্বর) নগরীর শাসনগাছা এলাকায় বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে যৌথ অভিযান চালায় সিভিল সার্জন কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই চিকিৎসাসেবা দেওয়া, অদক্ষ ব্যক্তিদের দিয়ে এক্স-রে করানো, পরীক্ষার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা, খিদমাহ স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আতিক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা আদায় করা হয়েছে।

অন্যদিকে, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মীম হাসপাতাল সিলগালা করে সিভিল সার্জন কার্যালয়। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নাল আবেদিন, ডা: প্রসেনজিৎ বিশ্বাস, ডা: জিনাত মুসতারীসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন