ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ইনসমেড কিনতে ৪১ বিলিয়ন ডলারের প্রস্তাব সানোফির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:০৮, ২৪-১১-২০২৬

ইনসমেড কিনতে ৪১ বিলিয়ন ডলারের প্রস্তাব সানোফির

ছবি: মেডিকেল পোস্ট

ফরাসি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সানোফি যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ইনসমেডকে ৪১ বিলিয়ন ডলারে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের জন্য ১৭৫ ডলার নগদ দেওয়ার প্রস্তাব করেছে সানোফি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবসা পুনর্গঠনে বড় পদক্ষেপ নিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেলেন গারিজো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সানোফি এ অধিগ্রহণ প্রস্তাবের কথা জানায়। প্রস্তাবিত শেয়ারমূল্য ইনসমেডের সর্বশেষ বাজারদরের চেয়ে প্রায় ১৭ দশমিক ৫ শতাংশ বেশি। আর গত ১৮ নভেম্বরের শেয়ারমূল্যের তুলনায় তা ৪৬ শতাংশ বেশি।

ঋণ ও হাতে থাকা নগদ অর্থের সমন্বয়ে অধিগ্রহণের অর্থ পরিশোধ করবে সানোফি। এ জন্য প্রয়োজনীয় অর্থায়নও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

সানোফির অর্থ বিভাগের প্রধান ফ্রাঁসোয়া রজার সাংবাদিকদের বলেন, নগদ অর্থে সম্পন্ন হওয়া অধিগ্রহণের ক্ষেত্রে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি।

সানোফির প্রথম নারী সিইও বেলেন গারিজো গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই কোম্পানির ওষুধ উন্নয়ন পাইপলাইন শক্তিশালী করা এবং প্রবৃদ্ধির নতুন পথ তৈরিতে কাজ করছেন। ২০৩০-এর দশকের শুরুতে তাদের ব্লকবাস্টার ওষুধ ডুপিক্সেন্টের পেটেন্ট সুরক্ষা শেষ হওয়ার আগেই নতুন আয়ের উৎস তৈরিতে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

দায়িত্ব নেওয়ার পর গারিজো কৌশলগত পর্যালোচনা শুরু করেন, নির্বাহী কমিটিতে পরিবর্তন আনেন এবং দীর্ঘদিনের অংশীদার রিজেনেরনের সঙ্গে চুক্তি করেন। ইনসমেড অধিগ্রহণের মাধ্যমে ইমিউনোলজি খাতে সানোফির সক্ষমতা আরও বাড়বে এবং রিজেনেরনের সঙ্গে বিদ্যমান অংশীদারত্বও পরিপূরক হবে বলে তিনি জানিয়েছেন।

চুক্তিটি ২০২৭ সালের প্রথমার্ধে সম্পন্ন হওয়ার প্রত্যাশা করছে সানোফি। অধিগ্রহণের ফলে ২০২৮ সালের শেষ নাগাদ শেয়ারপ্রতি আয় বাড়বে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বছরে ৫০ কোটি ডলারের বেশি ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

ইনসমেডের বাজারে অনুমোদিত দুটি শ্বাসতন্ত্রের ওষুধ রয়েছে। ব্রিনসুপ্রি নন-সিস্টিক ফাইব্রোসিস ব্রঙ্কিয়েক্টাসিসের চিকিৎসায় এবং আরিকেসি চিকিৎসায় সাড়া না দেওয়া মাইকোব্যাকটেরিয়াম অ্যাভিয়াম কমপ্লেক্সজনিত ফুসফুসের রোগে ব্যবহৃত হয়।

গারিজো জানান, ইনসমেডের ওষুধগুলোর সম্মিলিত সর্বোচ্চ বিক্রির সম্ভাবনা আগামী দশকের শেষ নাগাদ ১০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। সানোফির বৈশ্বিক বাণিজ্যিক নেটওয়ার্ক, শ্বাসতন্ত্রের রোগে অভিজ্ঞতা ও রোগী সহায়তা কার্যক্রমের মাধ্যমে ওষুধগুলোর বাজার আরও সম্প্রসারণের আশা করছেন তিনি।

এ ছাড়া ইমিউনোলজি, বিরল রোগ ও ভ্যাকসিন খাতে প্রাথমিক পর্যায়ের ওষুধ উন্নয়ন কার্যক্রমে বিনিয়োগ এবং ছোট পরিসরের অধিগ্রহণের সুযোগও ধরে রাখতে চায় সানোফি।

এমপি/ আরআই

আরও পড়ুন