শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১২, ০৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম শিথিল করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে বিদেশে চিকিৎসার জন্য একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো। এর ফলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের বৈদেশিক মুদ্রা সংগ্রহের প্রক্রিয়া সহজ হবে।
এ ছাড়া বিদেশে স্কুল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষার খরচ পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি লাগবে না। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।
বিজ্ঞপ্তিতে পেশাগত ও সনদভিত্তিক কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে কিংবা দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। এসব খাতেও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত ফরম এফএমজেতে ঘোষণা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা করতে পারবেন।
এদিকে ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতে বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে। তবে বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এমপি/ আরআই