ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৬ জমাদিউস সানি ১৪৪৮

ম্যালেরিয়ার টিকা কেনায় আবারও অর্থায়ন বাড়াচ্ছে গাভি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:০৩, ২৭-১১-২০২৬

ম্যালেরিয়ার টিকা কেনায় আবারও অর্থায়ন বাড়াচ্ছে গাভি

ছবি: মেডিকেল পোস্ট

ম্যালেরিয়ার টিকা কেনার জন্য বিভিন্ন দেশকে দেওয়া অর্থায়নের একটি অংশ পুনর্বহাল করতে যাচ্ছে আন্তর্জাতিক টিকাদান সংস্থা গাভি। বেসরকারি সংস্থা গিভওয়েল ও কো-এফিশিয়েন্ট গিভিংয়ের কাছ থেকে পাওয়া ২১ কোটি ৪০ লাখ ডলারের অনুদান ব্যবহার করে এ অর্থায়ন করা হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতে তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ম্যালেরিয়ার টিকার জন্য বরাদ্দ কমিয়েছিল গাভি। এতে টিকা কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশের অর্থায়ন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। নতুন অনুদানের ফলে উচ্চ ও মাঝারি সংক্রমণপ্রবণ এলাকায় টিকা কেনার জন্য আগের মতো চাহিদার সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত অর্থায়ন করা সম্ভব হবে।

গাভির প্রধান নির্বাহী সানিয়া নিশতার রয়টার্সকে বলেন, অর্থায়ন পুনর্বহাল করা গেলে দেশগুলোকে ম্যালেরিয়ার টিকাদান কর্মসূচি কমাতে হবে না। টিকার চাহিদা বেশি থাকায় এটি ইতিবাচক অগ্রগতি।

সাবিন ভ্যাকসিন ইনস্টিটিউটের নতুন তথ্য অনুযায়ী, এক বছর ধরে টিকাদান কর্মসূচি চালানো দেশগুলোতে প্রথম ডোজের গড় কভারেজ ৮০ শতাংশ এবং তৃতীয় ডোজের কভারেজ ৭০ শতাংশে পৌঁছেছে। পূর্ণ সুরক্ষার জন্য ম্যালেরিয়ার টিকার চারটি ডোজ প্রয়োজন। শেষ ডোজটি শিশুর জীবনের দ্বিতীয় বছরে দেওয়া হয়।

বিশ্বে প্রতিবছর ম্যালেরিয়ায় পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এদের অধিকাংশই সাব-সাহারান আফ্রিকার পাঁচ বছরের কম বয়সী শিশু।

ম্যালেরিয়া টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহায়তাকারী সংস্থা পাথের কর্মকর্তা এরিক নেবি বলেন, অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি টিকা ব্যবহারের ফলে ম্যালেরিয়ার সংক্রমণ কমতে শুরু করেছে। মায়েরা নিজেরাও এ পরিবর্তন দেখতে পাচ্ছেন।

এদিকে আফ্রিকায় টিকা উৎপাদন বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে গাভির আফ্রিকান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং অ্যাকসেলারেটর কর্মসূচির প্রথম অর্থ ছাড়েরও প্রস্তুতি চলছে। এ কর্মসূচির আওতায় সেনেগালের ডাকারভিত্তিক ইনস্টিটিউট পাস্তুরকে ইয়েলো ফিভারের টিকা নিয়ে কাজের জন্য সর্বোচ্চ ৩ কোটি ডলার দেওয়া হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন