ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

রক্ত ক্যান্সারের থেরাপি নিয়ে সেলারেসের সঙ্গে চুক্তি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:১৬, ২৬-০৮-২০২৬

রক্ত ক্যান্সারের থেরাপি নিয়ে সেলারেসের সঙ্গে চুক্তি বাতিল

ছবি: মেডিকেল পোস্ট

রক্ত ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ব্যক্তিকেন্দ্রিক কোষভিত্তিক থেরাপি উৎপাদন সম্প্রসারণে সেলারেসের সঙ্গে করা অংশীদারত্ব বাতিল করেছে মার্কিন ওষুধ কোম্পানি বস্টন মায়ার্স স্কুইব।

বুধবার (২৬ আগস্ট) প্রতিষ্ঠানটির এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বস্টন মায়ার্সের মূল্যায়ন অনুযায়ী সেলারেসের ‘সেল শাটল’ নামের কোষ থেরাপি উৎপাদন প্ল্যাটফর্ম বাণিজ্যিক পর্যায়ে তাদের কার-টি থেরাপি ‘ব্রেয়ানজি’ উৎপাদনের প্রয়োজনীয়তা পূরণ করতে পারেনি।

তবে সেলারেস এ বক্তব্যের সঙ্গে জোরালোভাবে দ্বিমত জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, তাদের ‘সেল শাটল’ প্ল্যাটফর্ম ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নিয়ন্ত্রিত একটি ক্লিনিক্যাল কর্মসূচিতে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি)-সম্মত কোষ থেরাপি পণ্য উৎপাদন করেছে।

ব্যক্তিকেন্দ্রিক কার-টি থেরাপি কিছু রক্ত ক্যান্সারের রোগীর চিকিৎসায় বড় পরিবর্তন এনেছে। তবে এসব থেরাপি তৈরি করা এখনো জটিল ও ব্যয়বহুল।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের এফডিএ ‘ব্রেয়ানজি’ অনুমোদন করে। লিম্ফোমাসহ বিভিন্ন রক্ত ক্যান্সারের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। ২০২৫ সালে এই ওষুধ থেকে বস্টন মায়ার্সের আয় হয়েছে ১৩৬ কোটি ডলার।

এর আগে সপ্তাহান্তে সেলারেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্যাবিয়ান গার্লিংহাউস লিংকডইনে জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটি বড় একটি ফার্মাসিউটিক্যাল গ্রাহক হারিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটিকে কর্মীসংখ্যা কমাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

২০২৪ সালে বস্টন মায়ার্স ও সেলারেসের মধ্যে সর্বোচ্চ ৩৮ কোটি ডলারের একটি চুক্তি হয়েছিল। এর আওতায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানে কার-টি থেরাপি উৎপাদনের সক্ষমতা সংরক্ষণ করেছিল বস্টন মায়ার্স।

তবে বস্টন মায়ার্স জানিয়েছে, তাদের সাম্প্রতিক সিদ্ধান্ত শুধু ‘ব্রেয়ানজি’ এবং এর অনুমোদিত উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য।

কার-টি থেরাপিতে রোগীর শরীর থেকে রোগপ্রতিরোধী কোষ সংগ্রহ করে পরীক্ষাগারে ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করার উপযোগী করে পুনর্গঠন করা হয়। পরে এসব কোষ আবার রোগীর শরীরে প্রবেশ করানো হয়।

এমপি/ আরআই

আরও পড়ুন