ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৫ জমাদিউস সানি ১৪৪৮

শ্বাসকষ্টে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগে ৪ নার্সকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০৭, ১৫-১১-২০২৬

শ্বাসকষ্টে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগে ৪ নার্সকে শোকজ

ছবি: মেডিকেল পোস্ট

বরগুনা জেনারেল হাসপাতালে শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে চার সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, শ্বাসকষ্ট বেড়ে গেলেও নার্সরা যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করেননি। এমনকি রোগীকে ‘নাটক করছেন’ বলেও মন্তব্য করা হয়।

গতকাল (১৪ নভেম্বর) চার নার্সকে শোকজ করা হয়। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মামুন নামের ওই রোগীর মৃত্যু হয়।

এদিকে শোকজ পাওয়া নার্সরা হলেন আফরিন জান্নাত, শীলা হাওলাদার, রুমানা ফেরদৌস ও মাহফুজা আক্তার।

রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মামুনের শ্বাসকষ্ট বাড়তে থাকলেও বারবার ডাকাডাকি করার পরও কোনো নার্স তার কাছে আসেননি। মৃত্যুর প্রায় ৩০ মিনিট পর ইসিজি করা হয় বলেও দাবি তাদের। এ সময় দায়িত্বে থাকা এক নার্স রোগীকে ‘নাটক করছেন’ বলে মন্তব্য করেন বলেও অভিযোগ করেন তারা।

তবে নার্সরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের একজনের দাবি, রোগীর জন্য অক্সিজেন ও চিকিৎসকের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। আরেকজন জানান, ‘নাটক করছেন’ মন্তব্যটি আগের শিফটে করা হয়েছিল বলে তিনি শুনেছেন।

হাসপাতালের উপ-নার্সিং সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমান বলেন, এমন মন্তব্য করা হয়ে থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: তাজকিয়া সিদ্দিকাহ জানান, ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন