ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

স্বাস্থ্যখাতে সকল টেন্ডার কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৮, ১০-০৮-২০২৬ | আপডেট: ৩:৩৩, ১০-০৮-২০২৬

স্বাস্থ্যখাতে সকল টেন্ডার কার্যক্রম স্থগিত

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্যখাতে কেনাকাটায় দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে সব ধরনের টেন্ডার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আগামী ১৪ আগস্ট পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

জানা গেছে, ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) টেন্ডার মূল্যায়নে একই ব্যক্তি একাধিক কমিটিতে থাকার পাশাপাশি ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত ৪ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বর্তমান টেন্ডার প্রক্রিয়া পর্যালোচনা এবং প্রয়োজনীয় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রুটি চিহ্নিত করে তা সমাধানের পরই পুনরায় টেন্ডার কার্যক্রম চালু করা হবে বলে জানা গেছে।

ঠিকাদারদের অভিযোগ, গত কয়েক বছর ধরে নিমিউয়ের গুটিকয়েক কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানের টেন্ডার মূল্যায়ন কমিটিতে ঘুরেফিরে দায়িত্ব পালন করছেন। পর্যাপ্ত কারিগরি বিশেষজ্ঞ না থাকায় টেন্ডারের কারিগরি মূল্যায়নে নিমিউয়ের প্রতিনিধিদের মতামতই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে ঠিকাদারদের যোগসাজশের সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ তাদের।

স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের বিভিন্ন টেন্ডার মূল্যায়ন কমিটিতে নিমিউয়ের পরিবর্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধিদের রাখার দাবি জানিয়েছেন ঠিকাদাররা। সিএমএসডি ২০২৫ সাল থেকে তাদের টেন্ডার মূল্যায়ন কমিটিতে নিমিউয়ের পরিবর্তে বুয়েটের প্রতিনিধি রাখা শুরু করেছে।

নিমিউ অ্যান্ড টিসির চিফ টেকনিক্যাল ম্যানেজার জয়ন্ত কুমার মুখোপাধ্যায় বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় একই ব্যক্তিকে একাধিক কমিটিতে রাখতে হচ্ছে। তার দপ্তরে বর্তমানে মাত্র পাঁচজন কর্মকর্তা থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে একই ব্যক্তির একাধিক কমিটিতে থাকা পুরোপুরি নিয়মসম্মত নয় বলেও জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়মের বিষয়ে তারা জানতে পেরেছেন। পুরোনো অনিয়ম ও দুর্নীতির ব্যবস্থা থেকে স্বাস্থ্যখাতকে বের করে এনে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন