ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৭, ১৫-১১-২০২৬

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

ছবি: মেডিকেল পোস্ট

পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের অসহায় রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চক্রের পাঁচ সদস্যকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. হাবিল মণ্ডল, মো. বিপুল, জুয়েল হোসেন, সুজন আলী ও ওয়ারেস। তাদের সবার বাড়ি সদর উপজেলার হেমায়েতপুর এলাকায়। এ ছাড়া চক্রের অপর সদস্য মো. হাফিজুর রহমান মাহফুজকে আটক করে তার বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

অভিযানসংশ্লিষ্টরা জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে অসহায় ও মানসিক রোগীরা পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের এবং স্বজনদের নানাভাবে বিভ্রান্ত, হয়রানি ও প্রতারণা করে আসছিল একটি চক্র। বিষয়টি নিয়ে এনএসআইয়ের একটি দল বেশ কিছুদিন ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে চক্রটির অপতৎপরতার তথ্য পায়। পরে জেলা প্রশাসনকে অবহিত করা হলে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম বলেন, ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে দালাল চক্রের এসব সদস্যকে আটক করা হয়। পরে তাদের মধ্যকার ৫ জন অবৈধ এই দালালি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অন্য আরেকজন স্বীকারোক্তি না দিলেও দালালি কার্যক্রমে সম্পৃক্ত ছিল বলে প্রমাণ থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সদর থানা হেফাজতে দেওয়া হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন