ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্বাস্থ্য অধিদপ্তরের বিতর্কিত উপপরিচালক শাফীর পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২০, ২৭-০৭-২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের বিতর্কিত উপপরিচালক শাফীর পদোন্নতি

ছবি: মেডিকেল পোস্ট

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের শৌচাগার পরিষ্কার করানোর মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের কারণে আলোচিত স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফীকে পদোন্নতি দিয়ে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) পরিচালকের চলতি দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ওই কর্মকর্তাকে বদলিপূর্বক নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আইপিএইচের বর্তমান পরিচালক ডা. মো. মোমিনুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এর আগে গত ২৪ জুন ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী ফেসবুকে এক পোস্টে দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করেন। বিষয়টি আন্তঃমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে আলোচনার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছিলেন। সমালোচনার মুখে পরে তিনি পোস্টটি মুছে ফেলেন।

এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সক্রিয় ভূমিকার কারণে চিকিৎসকদের সঙ্গে একাধিকবার প্রকাশ্য বিতর্কে জড়ান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অশালীন ও ইঙ্গিতপূর্ণ মন্তব্যসংবলিত কয়েকটি স্ক্রিনশটও ছড়িয়ে পড়ে, যা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন