ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

বরিশাল সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৯, ০২-০৮-২০২৬ | আপডেট: ৩:১০, ০২-০৮-২০২৬

বরিশাল সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ

ছবি: মেডিকেল পোস্ট

ছাত্র-জনতার টানা আন্দোলনের মুখে বরিশালের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করেছে সরকার। একই সঙ্গে নতুন সিভিল সার্জন যোগদান না করা পর্যন্ত চিফ সার্জন ডা. মবিনকে চলতি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পর আন্দোলনকারীরা সিভিল সার্জন কার্যালয়ের তালা খুলে কর্মসূচি প্রত্যাহার করেন।

রোববার (২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভাগীয় পরিচালকের জারি করা দুটি সরকারি আদেশ আন্দোলনকারীদের হাতে পৌঁছায়। প্রজ্ঞাপনে ডা. মনিরুজ্জামানকে বরিশালের সিভিল সার্জনের দায়িত্ব থেকে স্ট্যান্ড রিলিজ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। পাশাপাশি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), বরিশালের কার্যালয়ের আদেশে নতুন সিভিল সার্জন যোগদান না করা পর্যন্ত চিফ সার্জন ডা. মবিনকে চলতি দায়িত্ব দেওয়া হয়।

এর আগে সকাল থেকে আন্দোলনকারী ছাত্র-জনতা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ ছিল, বিতর্কিত প্রক্রিয়ায় ডা. মনিরুজ্জামানকে সিভিল সার্জন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ বাতিলের দাবিতে কয়েক দিন ধরে অবস্থান, বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি চলছিল।

আন্দোলনকারীদের পক্ষ থেকে সাবেক সমন্বয়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, সরকারের সিদ্ধান্তে তাদের মূল দাবি পূরণ হওয়ায় আপাতত ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে শুধু একজন কর্মকর্তাকে সরিয়ে দিলেই হবে না; বরিশালের স্বাস্থ্য প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তও করতে হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, গত বছরের জুলাই আন্দোলনের সময় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে আহতদের চিকিৎসা সহযোগিতা এবং পরবর্তী সময়ে আহতদের তালিকা তৈরিতে ডা. মনিরুজ্জামান গাফিলতি করেন। এছাড়া তার নিয়োগ নিয়েও নানা প্রশ্ন ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সরকারি আদেশ জারির পর প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন