ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪৭, ১৫-১১-২০২৬

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে অনিয়ম

ছবি: মেডিকেল পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে পরিচালিত প্রায় তিন ঘণ্টার অভিযানে হাসপাতালের স্বাস্থ্যসেবা, ব্যবস্থাপনা ও ওষুধ সংরক্ষণাগারসহ বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা। দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের খালিদ মাহমুদ বলেন, ‘আমরা আমাদের প্রধান কার্যালয়ের একটি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি অভিযান পরিচালনা করেছি। অভিযান পরিচালনাকালে এই স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছি এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছি। এই রেকর্ডপত্র পর্যালোচনা করে পরবর্তীতে আমাদের কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করব।’

অভিযোগের সত্যতা পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কিছু অনিয়ম পেয়েছি। এগুলো এখন পর্যালোচনা করতে হবে, পর্যালোচনা শেষে বলতে পারবো এখানে কী কী এবং কতটা অনিয়ম করা হয়েছে।’

এর আগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ প্রকাশের পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এমপি/ আরআই

আরও পড়ুন