শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৬, ১৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৪ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ১৩৮ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। এতে দেশের বিশিষ্ট চিকিৎসক এবং সারা দেশ থেকে আসা সংগঠনটির প্রতিনিধিরা অংশ নেন।
নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা: একেএম ওয়ালিউল্লাহ্ ও অধ্যাপক ডা: সাজেদ আবদুল খালেক। আগের কমিটিতেও তারা একই দায়িত্বে ছিলেন। তবে নতুন কেন্দ্রীয় কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ ও বিশিষ্ট চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা: শফিকুর রহমান চিকিৎসকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশ ও জাতির কল্যাণে চিকিৎসক সমাজের ভূমিকা এবং একটি জনকল্যাণমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে ন্যাশনাল ডক্টরস ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে উপস্থিত চিকিৎসক ও প্রতিনিধিরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং সংগঠনের লক্ষ্য, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমপি/ আরআই