ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১০ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৯, ১৭-১০-২০২৬

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১০ চিকিৎসক

ছবি: মেডিকেল পোস্ট

সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে হেমাটোলজি বিষয়ে একজন, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিষয়ে একজন, বায়োকেমিস্ট্রি বিষয়ে তিনজন, গ্যাস্ট্রোএন্টেরোলজি বিষয়ে দুজন, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিষয়ে একজন এবং মেডিসিন বিষয়ে দুজন রয়েছেন।

হেমাটোলজি বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ডা: এ কে এম মাইনুল ইসলাম। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত রয়েছেন। পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিষয়ে পদোন্নতি পেয়েছেন রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: নুসরাত জাহান।

এদিকে, বায়োকেমিস্ট্রি বিষয়ে পদোন্নতি পেয়েছেন তিনজন। তারা হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা: ইফাত আরা বেগম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ডা: জাহরা আজিজ এবং রংপুর মেডিকেল কলেজের ডা: ফারহানা আতিয়া। তাদের মধ্যে ডা: ইফাত আরা বেগম আগে অধ্যাপক পদে চলতি দায়িত্বে ছিলেন।

গ্যাস্ট্রোএন্টেরোলজি বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ডা: মো. শাহ আলম এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডা: মোহাম্মদ অলিউর রহমান। এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিষয়ে পদোন্নতি পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ সাইফুদ্দিন।

এ ছাড়া মেডিসিন বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে কর্মরত এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজে সংযুক্ত ডা: বিনয় কৃষ্ণ তরফদার ও রংপুর মেডিকেল কলেজের ডা: মো. সফিউল আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকেরা তাদের পদোন্নতির অব্যবহিত আগের পদ ও কর্মস্থলে ইনসিটু হিসেবে কর্মরত থাকবেন।

এমপি/ আরআই

আরও পড়ুন