ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

ম্যাককুয়ারি দ্বীপে প্রথমবারের মতো শনাক্ত বার্ড ফ্লু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:১৩, ১৭-১০-২০২৬

ম্যাককুয়ারি দ্বীপে প্রথমবারের মতো শনাক্ত বার্ড ফ্লু

ছবি: মেডিকেল পোস্ট

অস্ট্রেলিয়ার উপ-অ্যান্টার্কটিক অঞ্চল ম্যাককুয়ারি দ্বীপে প্রথমবারের মতো প্রাণঘাতী এইচ৫এন১ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এতে দ্বীপটির বিপন্ন ও সংবেদনশীল সামুদ্রিক প্রাণীদের মধ্যে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।

দেশটির প্রধান ভেটেরিনারি কর্মকর্তা বেথ কুকসন জানান, ম্যাককুয়ারি দ্বীপে একটি এলিফ্যান্ট সিল ও একটি কেল্প গুলের নমুনা পরীক্ষা করে উচ্চ সংক্রামক ক্ষমতাসম্পন্ন এইচ৫এন১ ভাইরাস শনাক্ত করা হয়েছে। দ্বীপটিতে এই প্রথম এইচ৫ ধরনের বার্ড ফ্লুর উপস্থিতি নিশ্চিত হলো।

এর আগে, ২০২৫ সালের জুনে অস্ট্রেলিয়া মহাদেশে বার্ড ফ্লুর উপস্থিতি শনাক্ত হয়। একই বছরের শেষ দিকে দেশটির আরেক উপ-অ্যান্টার্কটিক অঞ্চল হার্ড আইল্যান্ডে ভাইরাসটির সংক্রমণ দেখা দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখানে ভাইরাসটির কারণে ১৩ হাজারের বেশি সিলশাবকের মৃত্যু হয়েছিল।

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ম্যাককুয়ারি দ্বীপটি দক্ষিণ মহাসাগরে অস্ট্রেলিয়ার তাসমানিয়া ও অ্যান্টার্কটিকার মাঝামাঝি অবস্থিত। এটি দক্ষিণী এলিফ্যান্ট সিলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজননক্ষেত্র।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, এলিফ্যান্ট সিল এইচ৫ ধরনের বার্ড ফ্লুতে বিশেষভাবে সংবেদনশীল। কিছু ক্ষেত্রে আক্রান্ত সিলশাবকদের মৃত্যুহার ৯০ শতাংশেরও বেশি হতে পারে। ফলে দ্বীপটির বড় প্রজনন উপনিবেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন