ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০৫, ২৮-১০-২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের

ছবি: মেডিকেল পোস্ট

দেশের সরকারি স্বাস্থ্যসেবা ও মাঠপর্যায়ে জনবলসংকট কাটাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এ নিয়োগ কার্যক্রমের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর) জাপানপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী।

এর আগে চলতি মাসের শুরুতে ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি)’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়েও একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি জানান, ‘সরকার এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগে কাজ করছে, যাদের প্রায় ৮০ শতাংশই নারী হবেন। তারা তৃণমূল পর্যায়ে প্রাথমিক চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় রেফারেল সেবা প্রদান করবেন।’

জানা গেছে, তিন ধাপে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরেই প্রথম ধাপে ৪৫ হাজার ৭০০ জন কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে প্রান্তিক পর্যায়ে সেবা ত্বরান্বিত করতে বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, এ নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে মন্ত্রণালয়ের একাধিক বিভাগ ও অধিদপ্তর যুক্ত রয়েছে। প্রতিটি ক্ষেত্রে কাজের গতি বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ৪৫ হাজার ৭০০ জন কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করে প্রাথমিক কাজ এগোচ্ছে।

এদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে সরাসরি নিয়োগ ও পদোন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ২০১৮ সালের নন-মেডিক্যাল কর্মচারী নিয়োগ বিধিমালা অনুসরণ করে এসব পদে দ্রুত জনবল নেওয়া হবে।

যেসব প্রতিষ্ঠানে আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরও মামলা বা প্রশাসনিক জটিলতায় নিয়োগ শেষ করা যায়নি, সেসব পদের ছাড়পত্র নিয়ে আবার সমন্বিত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো জটিলতা থাকলে তা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে অনুমোদিত ৬৫ হাজার ২৩০টি মাঠপর্যায়ের পদের বিপরীতে ১৮ হাজার ৯৪৭টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ‘স্বাস্থ্য সহকারী’ পদের ৬ হাজার ৯৫৩টি এবং পরিবারকল্যাণ সহকারীর ৮ হাজার ২৯৩টি পদ খালি রয়েছে। এ ছাড়া লালমনিরহাটে চিকিৎসকদের ৫০ শতাংশ পদ এবং ঢাকার সিএমএসডির ২৩০টি পদের মধ্যে ১৬০টি পদ শূন্য রয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন