শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৪, ০১-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল কেয়ার হেলথ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের মৃত্যু হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জানাজা শেষে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া হায়দারপুর গ্রামের স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরাফাতের মা মরিয়ম আক্তার সুরভী জানান, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় জ্বর, বমি ও পেটে ব্যথা নিয়ে ছেলেকে রাজবাড়ী শহরের বড়পুল বাস মালিক সমিতির অফিসসংলগ্ন লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে রক্ত পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম করার পর চিকিৎসকরা অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করেন এবং দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে ওই রাতেই রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা: মো. আক্তার হোসেন শিশুটির অস্ত্রোপচার করেন। অ্যানেস্থেসিয়া প্রয়োগ করেন ডা: নিয়ামতউল্লাহ। পরিবারের অভিযোগ, রাত ১২টার দিকে অস্ত্রোপচার শেষ হলেও আরাফাতের জ্ঞান ফেরেনি।
শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে এবং পরিবারের উদ্যোগে রাত ৩টার দিকে তাকে ফরিদপুরের রেজোয়ান মোল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে ঢাকার শ্যামলীর ন্যাশনাল কেয়ার হেলথ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, ঢাকার হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচারের সময় ভুল চিকিৎসার কারণে আরাফাতের জ্ঞান ফেরেনি বলে জানান। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
এ বিষয়ে লাইফ কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রব শেখ বলেন, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় আরাফাত নামের শিশুটি তাদের হাসপাতালে ভর্তি হয়েছিল। তার পরীক্ষা-নিরীক্ষায় অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। পরে সার্জারি বিশেষজ্ঞ ডা: আক্তার হোসেন অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর শিশুটির পরিবারের সদস্যরা জানান, তার আগে থেকেই হার্টে ছিদ্র ছিল।
তিনি আরও বলেন, শিশুটির জ্ঞান না ফেরায় ২৬ অক্টোবর দিবাগত রাত ৩টার পর তাকে ফরিদপুরের রেজোয়ান মোল্লা হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২৪ থেকে ৪৮ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে সিভিল সার্জন ডা: এস এম মাসুদ বলেন, লাইফ কেয়ার হসপিটালে ভুল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগের বিষয়টি শুনেছি। আমরা সরেজমিনে ক্লিনিকে গিয়ে বিষয়টি খোঁজখবর নেব।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত রাজবাড়ী সদর থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
এমপি/ আরআই