ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ

আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৭, ০১-১১-২০২৬

আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

ছবি: মেডিকেল পোস্ট

টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর রাতে হাসপাতালে ছুটে গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসার সব ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে। এ এলাকার সংসদ সদস্য হিসেবে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার তিনি বহন করবেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ধরনের জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সব পর্যায়ে কথা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত মাদকাসক্ত বলে শুনেছেন। টাঙ্গাইলকে মাদকমুক্ত করা এবং শহরকে নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোহাম্মদ আবু হানিফসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলার নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, শিশুটি বাধা দিয়ে চিৎকার করলে অভিযুক্ত বিপ্লব ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন