ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ভারতে ওমরন হেলথকেয়ারের কারখানা চালু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:২৭, ৩০-১০-২০২৬

ভারতে ওমরন হেলথকেয়ারের কারখানা চালু

ছবি: মেডিকেল পোস্ট

ভিয়েতনামের ওপর উৎপাদননির্ভরতা কমাতে ভারতে নিজেদের প্রথম কারখানা চালু করেছে জাপানের চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওমরন হেলথকেয়ার। একই সঙ্গে ভারতের বড় বাজারে রক্তচাপ মাপার যন্ত্রের ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (৩০ অক্টোবর) ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাইয়ে কারখানাটির উদ্বোধন করা হয়। জাপানের ওমরন করপোরেশনের চিকিৎসা সরঞ্জাম বিভাগ ওমরন হেলথকেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী আয়ুমু ওকাদা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।

ওকাদা বলেন, ‘একটি দেশ বা কারখানার ওপর উৎপাদন কেন্দ্রীভূত থাকলে দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনায় ঝুঁকি তৈরি হয়। আমরা ভিয়েতনামের কারখানার ওপর অতিরিক্ত নির্ভরশীল।’

প্রতিষ্ঠানটির লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে ভারতের কারখানায় বছরে প্রায় ৩০ লাখ ইউনিট চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করা। এর বড় অংশই হবে রক্তচাপ মাপার যন্ত্র। তিন শিফটে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হলে সক্ষমতা বেড়ে ৩৫ লাখ ইউনিটে পৌঁছাতে পারে। পরবর্তী সময়ে নেবুলাইজারের মতো অন্যান্য পণ্যও উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

ওকাদার তথ্য অনুযায়ী, ভারতে ৩০ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। তবে দেশটিতে রক্তচাপ মাপার যন্ত্রের ব্যবহার ৫ শতাংশেরও কম। এ কারণে শুরুতে ভারতের বাজারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

২০২৫ সালে ভারতের রক্তচাপ মাপার যন্ত্রের বাজারের প্রায় ৪০ শতাংশ ছিল ওমরনের দখলে। সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে ২০৩০ সালের মধ্যে বাড়িতে রক্তচাপ মাপার যন্ত্র ব্যবহারের হার প্রায় দ্বিগুণ করে ১০ শতাংশে নেওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি। তবে ভারতে স্থানীয়ভাবে উৎপাদন শুরু হলেও আপাতত পণ্যের দাম কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ওকাদা।

চেন্নাইয়ের কারখানা থেকে ইউরোপেও পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে ওমরনের। বর্তমানে ভিয়েতনাম থেকে ইউরোপে পাঠানো পণ্যের পাশাপাশি নতুন কারখানা থেকেও সরবরাহ করা হবে। তবে এ কার্যক্রম শুরুর নির্দিষ্ট সময় জানাননি ওকাদা। ২০২৬ সালের নভেম্বর নাগাদ কারখানাটিতে প্রায় ১২০ জন কর্মী কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন