ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গু প্রতিরোধে রংপুরে সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২২, ০১-১১-২০২৬

ডেঙ্গু প্রতিরোধে রংপুরে সাইকেল র‍্যালি

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গু প্রতিরোধ ও নগর পরিচ্ছন্নতায় জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ সচেতন নাগরিকেরা অংশ নেন।

গতকাল (৩১ অক্টোবর) নগরীর জিলা স্কুল মোড়ে র‍্যালির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী। র‍্যালিটি জিলা স্কুল মোড় থেকে সিটি বাজার মোড়, পায়রা চত্বর ও প্রেসক্লাব চত্বর হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।

উদ্বোধনের আগে মাহফুজ উন নবী চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করার অংশ হিসেবে এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ পুরোপুরি সম্ভব নয়। সরকারের কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা, মশক নিধন ও স্প্রে কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। এ সময় ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে তরুণ, সামাজিক সংগঠন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

র‍্যালিতে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তর ও নাইস প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন