ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

অনিয়মের অভিযোগে মানিকগঞ্জে ৪ হাসপাতাল সিলগালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৭, ০৬-১১-২০২৬

অনিয়মের অভিযোগে মানিকগঞ্জে ৪ হাসপাতাল সিলগালা

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্যসেবায় নানা অনিয়মের অভিযোগে মানিকগঞ্জে চারটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল (৫ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা: আইভী ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন।

অভিযানে মানিকগঞ্জ অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার টাকা, স্বপ্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা, নিরাময় নার্সিং হোমকে ৪০ হাজার টাকা এবং মানিকগঞ্জ অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা: আইভী ফেরদৌসী বলেন, লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন বলেন, জেলার স্বাস্থ্যসেবা খাতকে জনবান্ধব করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন