ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

সিঙ্গারা না পেয়ে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩০, ১১-১১-২০২৬

সিঙ্গারা না পেয়ে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক

ছবি: মেডিকেল পোস্ট

চট্টগ্রামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্যান্টিনে সিঙ্গারা না পেয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এতে অসুস্থ হয়ে পড়েন ওই কর্মচারী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

গতকাল (১০ নভেম্বর) দুপুরে নগরের এপিক হেলথ কেয়ারের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা: জাস্টিন ক্লাম্প। তিনি প্রতিষ্ঠানটিতে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডা: জাস্টিন ক্লাম্প নিয়মিত ওই ক্যানটিনে সিঙ্গারা খেতেন। মঙ্গলবার দুপুরে ক্যানটিনে গিয়ে সিঙ্গারা না পেয়ে ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে এক কর্মচারীকে নিজের কাছে ডেকে পাঠান। ওই কর্মচারী সেখানে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ক্যান্টিনের নারী কর্মীদের সামনেই চিকিৎসক ওই কর্মচারীর প্যান্টের জিপার খুলে অণ্ডকোষ চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে ওইদিনে রাত ৮টার দিকে শারীরিক পরীক্ষা করানোর জন্য ওই কর্মচারীকে আবার এপিক হেলথ কেয়ারে আনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন ওই চিকিৎসক। তিনি বলেন, ‘আপনি কি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? কিছু জানার থাকলে তাদের কাছেই জিজ্ঞাসা করেন।’

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এপিক হেলথ কেয়ারের পরিচালক (অপারেশন) আব্দুর রাজ্জাক। তিনি জানান, ‘এমন একটি ঘটনার অভিযোগ নিয়ে একজন ক্যান্টিন কর্মচারী তার কাছে এসেছেন। বিষয়টি জানার পর তাৎক্ষণিক তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এমপি/ আরআই

আরও পড়ুন