শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২, ১১-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
তারা বলছেন, অর্থায়নের ঘাটতির কারণে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নারগুলোতে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিয়মিত রাখা যাচ্ছে না। এতে প্রাথমিক পর্যায়ে রোগ নিয়ন্ত্রণের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর বিভিন্ন অসংক্রামক রোগে প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়, যা মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ। এসব মৃত্যুর ১৯ শতাংশই অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ।
অন্যদিকে, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ সরবরাহ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে পর্যাপ্ত বরাদ্দ প্রয়োজন।
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা প্রশংসনীয়। এখন এই বর্ধিত বরাদ্দের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনিয়োগ করা জরুরি।
কর্মশালায় আলোচক ছিলেন জিএইচএআইয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম ও বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের। এ ছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার ও প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।
উল্লেখ্য, গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন।
এমপি/ আরআই