শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৭, ১১-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১১ নভেম্বর) বিকেল পর্যন্ত পৌর শহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার।
আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার ইসলামপুর ও কালামপুর এলাকার বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেন কর্মকর্তারা। এ সময় বৈধ লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় নথিপত্র না থাকায় সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি পাঁচটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মো. জাকারিয়া মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: আহমেদুল হক তিতাসসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার বলেন, ‘জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই নিয়মিত অভিযান চালানো হয়েছে। লাইসেন্সবিহীন এবং অবৈধভাবে পরিচালিত এসব চিকিৎসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামীতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’
এমপি/ আরআই