ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডব্লিউএইচও

কলেরায় চলতি বছর ৩ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৩৫, ১১-১১-২০২৬

কলেরায় চলতি বছর ৩ হাজারের বেশি মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

বিশ্বজুড়ে চলতি বছরের প্রথম ৯ মাসে কলেরায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জনের ৯ জনই আফ্রিকার। তবে গত বছরের তুলনায় এ বছর কলেরায় মৃত্যুর সংখ্যা কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গতকাল (১০ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এ তথ্য জানায় সংস্থাটি।

ডব্লিউএইচওর মহামারিপ্রবণ ব্যাকটেরিয়াজনিত রোগ বিভাগের প্রধান লরেঞ্জো পেজোলি জানান, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৭ হাজার ৯০০ মানুষ কলেরায় মারা যান। ১৯৯৯ সালের পর গত বছরই ছিল কলেরায় মৃত্যুর সবচেয়ে ভয়াবহ বছর।

গত বছর বিশ্বে কলেরায় আক্রান্ত ও মৃত্যুর প্রায় ৯০ শতাংশই ঘটে সাতটি দেশে। দেশগুলো হলো—অ্যাঙ্গোলা, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেন।

পেজোলি জানান, চলতি বছরের প্রথম ৯ মাসের তথ্য অনুযায়ী, কলেরায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে এখনো তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তাঁদের মধ্যে ৯০ শতাংশই আফ্রিকার।

সম্মিলিত প্রচেষ্টায় আগের বছরের তুলনায় সুফল মিলছে জানিয়ে পেজোলি বলেন, এই উদ্যোগ এখনো যথেষ্ট নয়। ২০৩০ সালের মধ্যে কলেরা যেন আর জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে না থাকে, সে লক্ষ্য অর্জনের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন