ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

মালয়েশিয়ায় অস্ত্রোপচার হচ্ছে লুৎফুজ্জামান বাবরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪৭, ১১-১১-২০২৬

মালয়েশিয়ায় অস্ত্রোপচার হচ্ছে লুৎফুজ্জামান বাবরের

ছবি: মেডিকেল পোস্ট

মেরুদণ্ডের গুরুতর শারীরিক জটিলতা নিয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বুধবার (১১ নভেম্বর) সেখানে তার মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার করার কথা রয়েছে।

অস্ত্রোপচারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের পাশে দাঁড়ানো এবং দেশসেবায় যুক্ত হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন বাবর।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাবন্দি থাকার সময় থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন এই রাজনীতিক। মেরুদণ্ডে তীব্র ব্যথার পাশাপাশি কিডনির জটিলতা ও শ্বাসকষ্টও রয়েছে তার। কারামুক্তির পর দেশে চিকিৎসা গ্রহণ করলেও উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যালোচনার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এদিকে, বাবরের অসুস্থতার খবরে তার নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান জানান, দীর্ঘ কারাবাসের কারণে বাবরের শারীরিক অবস্থায় নানা জটিলতা তৈরি হয়েছে। দেশে চিকিৎসা চললেও বিশেষজ্ঞদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন এমন প্রত্যাশা তাদের।

এমপি/ আরআই

আরও পড়ুন