ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইউনাইটেড হেলথকেয়ারে প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৫, ০১-০৯-২০২৬

ইউনাইটেড হেলথকেয়ারে প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ারে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি সম্পন্ন হয়েছে। এআই নির্ভর রোবোটিক সার্জিক্যাল প্রযুক্তির ব্যবহারে দুটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

গতকাল (৩১ আগস্ট) ৩৪ বছর বয়সী এক পুরুষের পিত্তথলির পাথর অপসারণে রোবোটিক কোলেসিস্টেকটমি করেন অধ্যাপক ডা: রফিকুস সালেহীন। একই দিনে জরায়ু থেকে অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারীর রোবোটিক হিস্টেরেকটমি করেন অধ্যাপক ডা: সামছাদ জাহান (শেলী)। অত্যাধুনিক মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবটের সহায়তায় মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিমের সহযোগিতায় অস্ত্রোপচার দুটি সম্পন্ন হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই প্রযুক্তির মাধ্যমে বড় ধরনের কাটাছেঁড়া ছাড়াই আরও নিয়ন্ত্রিত অস্ত্রোপচার, কম রক্তক্ষরণ, অস্ত্রোপচার-পরবর্তী কম ব্যথা এবং দ্রুত সুস্থ হওয়ার সুযোগ তৈরি হয়।

রোবোটিক সার্জারিতে চিকিৎসকেরা থ্রিডি প্রযুক্তির মাধ্যমে শরীরের ভেতরের অংশ স্পষ্টভাবে দেখতে পারেন। রোবোটিক আর্ম ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারায় শরীরের সংকীর্ণ ও জটিল স্থানেও নিখুঁতভাবে অস্ত্রোপচার করা সম্ভব। এতে আশপাশের টিস্যুর ক্ষতি কমানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ অঙ্গ ও রক্তনালি সুরক্ষিত রাখার সুযোগ বাড়ে।

অধ্যাপক ডা: রফিকুস সালেহীন বলেন, রোবোটিক সার্জারি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তি। রোবোটিক আর্মের বিশেষ নড়াচড়ার সক্ষমতার কারণে শরীরের জটিল ও সংকীর্ণ জায়গায়ও আরও নিখুঁতভাবে অস্ত্রোপচার করা সম্ভব। এতে কম কাটাছেঁড়া, কম রক্তক্ষরণ এবং দ্রুত সুস্থ হওয়ার সুযোগ তৈরি হয়।

অধ্যাপক ডা: সামছাদ জাহান (শেলী) বলেন, খুব শিগগিরই কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও থোরাসিক সার্জারিতেও রোবোটিক সার্জারির কার্যক্রম বিস্তৃত করা হবে।

তিনি জানান, যেসব উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যেতে হয়, সেসব চিকিৎসার সুযোগ দেশেই তৈরি করাই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। এতে রোগীরা দেশের মাটিতে উন্নত চিকিৎসা পাওয়ার পাশাপাশি বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণও কমবে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোবোটিক সার্জারি যুক্ত হওয়ার মাধ্যমে ইউনাইটেড হেলথকেয়ারের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর আরও বাড়ল। রোগীর নিরাপত্তা, চিকিৎসার মান এবং উন্নত প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার পাশাপাশি বিদেশমুখী চিকিৎসা কমাতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।

এমপি/ আরআই

আরও পড়ুন