শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৪, ১৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডায়াবেটিস মেলার আয়োজকরা।
সংবাদ সম্মেলনে ডায়াবেটিস মেলার প্রধান সমন্বয়ক ডা: মো. ফজলে রাব্বী খান বলেন, অ্যাপটির মাধ্যমে যে কেউ নিজের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিংবা আক্রান্ত হওয়ার বিষয়ে প্রাথমিক ধারণা নিতে পারবেন। যারা ঝুঁকিতে রয়েছেন তারা প্রয়োজনীয় তথ্য ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন। আর আক্রান্ত ব্যক্তিরা পাবেন চিকিৎসা ও রোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন সহায়তা। এর মাধ্যমে রোগী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিরা নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় আরও সচেতন ও দায়িত্বশীল হতে পারবেন।
বক্তারা জানান, বিশ্বব্যাপী ডায়াবেটিস উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও এ রোগের প্রকোপ আশঙ্কাজনক। দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্ত ব্যক্তিদের ৬২ দশমিক ১ শতাংশই জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা ও অসচেতনতা এ রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
তারা আরও জানান, ডায়াবেটিস পুরোপুরি নিরাময় করা সাধারণত সম্ভব নয়। তবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সময়মতো পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু দেশে ৯২ শতাংশ ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নেই। ফলে তাদের হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, রক্তনালির জটিলতা, দৃষ্টিশক্তি ও স্নায়ুর ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে। এতে চিকিৎসার ব্যয় বাড়ার পাশাপাশি পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে।
ডা: শাহাজাদা সেলিম জানান, ডায়াবেটিস প্রতিরোধে আগাম সচেতনতা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই ২০১৯ সাল থেকে তারা ডায়াবেটিস সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর অংশ হিসেবে ছোট-বড় পরিসরে আয়োজন করা হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’। এসব আয়োজনে মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রয়োজনীয় তথ্য ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন। রোগটি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়াই তাদের লক্ষ্য। তাদের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস আমার, দায়িত্বও আমার’।
এ সময় ডা: শাহাজাদা সেলিম ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপের লোগো উন্মোচন করেন।
এমপি/ আরআই