ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৬ জমাদিউস সানি ১৪৪৮

দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর উদ্ভাবন, গোল্ড মেডেল পেল টিম ভেন্টাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৬, ২৭-১১-২০২৬

দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর উদ্ভাবন, গোল্ড মেডেল পেল টিম ভেন্টাস

ছবি: মেডিকেল পোস্ট

দেশীয় প্রযুক্তিতে মেকানিক্যাল ভেন্টিলেটর উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের বিএসএ-সিসিপি রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল অর্জন করেছে বাংলাদেশি গবেষণা দল টিম ভেন্টাস। প্রায় সাত বছরের গবেষণা ও প্রকৌশল প্রচেষ্টায় তৈরি এ জীবনরক্ষাকারী যন্ত্রের জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেল দলটি।

গতকাল (২৭ নভেম্বর) সাইন্স বি নামের একটি ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (বিএসএ-সিসিপি) আয়োজনে গত ১৪ ও ১৫ নভেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চতুর্থ ইন্টারন্যাশনাল অ্যানেস্থেসিওলজি কনফারেন্সে এ পুরস্কার দেওয়া হয়।

টিম ভেন্টাসের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের পরামর্শক এবং দলটির ক্লিনিক্যাল লিড ডা. আসিফ উর রহমান।

দলটির প্রায় সাত বছরের গবেষণা ও প্রকৌশল প্রচেষ্টায় ভেন্টিলেটরটি তৈরি করা হয়েছে। ২০২৬ সালের জুলাইয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে যন্ত্রটির প্রাথমিক ক্লিনিক্যাল পারফরম্যান্স ট্রায়াল সম্পন্ন হয়।

প্রকল্পটির মূল লক্ষ্য তুলনামূলক কম খরচে দেশে ভেন্টিলেটর তৈরি এবং জীবনরক্ষাকারী এ ধরনের আমদানি করা যন্ত্রের ওপর নির্ভরতা কমানো। সাশ্রয়ী দেশীয় ভেন্টিলেটর তৈরি সম্ভব হলে সংকটের সময়ে দেশের হাসপাতালগুলো উপকৃত হতে পারে।

তবে নিয়মিত রোগীসেবায় ব্যবহারের আগে যন্ত্রটির আরও ক্লিনিক্যাল মূল্যায়ন, প্রযুক্তিগত যাচাই এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। নিরাপত্তা যাচাই ও পরীক্ষার ফল নিশ্চিত হওয়ার পরই এটি হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবায় ব্যবহারের সুযোগ তৈরি হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন