ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

ক্লিনিক্যাল ট্রায়ালে এআই ব্যবহার করবে অ্যাস্ট্রাজেনেকা-ওরাকল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০৯, ২০-১০-২০২৬

ক্লিনিক্যাল ট্রায়ালে এআই ব্যবহার করবে অ্যাস্ট্রাজেনেকা-ওরাকল

ছবি: মেডিকেল পোস্ট

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য উপযুক্ত রোগী শনাক্তকরণ ও ওষুধের নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকির সংকেত পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বাস্তব জগতের স্বাস্থ্যতথ্য ব্যবহার করতে যৌথভাবে কাজ করছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল।

মঙ্গলবার (২০ অক্টোবর) অ্যাস্ট্রাজেনেকা এ সহযোগিতার কথা জানায়। ক্লিনিক্যাল গবেষণার কার্যকারিতা বাড়াতে অ্যাস্ট্রাজেনেকার ওষুধ উন্নয়নবিষয়ক অভিজ্ঞতার সঙ্গে ওরাকলের এআই ও স্বাস্থ্যতথ্য ব্যবহারের সক্ষমতাকে কাজে লাগানো হবে।

প্রাথমিক পর্যায়ে ক্যান্সার, হৃদ্‌রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ইমিউনোলজি ও বিরল রোগ নিয়ে কাজ করা হবে। পাশাপাশি গুরুতর রোগের প্রাথমিক শনাক্তকরণেও এ প্রযুক্তি সহায়ক হতে পারে।

এ সহযোগিতার প্রথম প্রকল্পটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে উচ্চ রক্তচাপ নিয়ে গবেষণায় সহায়তা করবে। এতে অংশীদার হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এম৪২।

ক্লিনিক্যাল ট্রায়ালে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো উপযুক্ত রোগী নিয়োগ। রোগী অন্তর্ভুক্তিতে বিলম্ব হলে গবেষণার সময় বেড়ে যায় এবং ওষুধ উন্নয়নের ব্যয় বৃদ্ধি পায়। এআই ও বাস্তব জগতের স্বাস্থ্যতথ্য ব্যবহারের মাধ্যমে উপযুক্ত রোগী শনাক্তকরণ ও গবেষণা প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠান দুটির।

ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের নকশায় ত্রুটিও অতীতে অ্যাস্ট্রাজেনেকার জন্য উদ্বেগের কারণ হয়েছে। স্তন ক্যান্সারের ওষুধ নিয়ে নিয়ন্ত্রক পর্যায়ে নেতিবাচক সিদ্ধান্ত এবং স্নায়বিক রোগের চিকিৎসাসংক্রান্ত গবেষণায় ব্যর্থতা প্রতিষ্ঠানটির ওষুধ উন্নয়ন কার্যক্রমে চ্যালেঞ্জ তৈরি করেছে।

২০৩০ সালের মধ্যে বার্ষিক আয় ৮০ বিলিয়ন ডলারের বেশি করার লক্ষ্য নিয়ে ওষুধের সম্ভার সম্প্রসারণে কাজ করছে অ্যাস্ট্রাজেনেকা। একই সঙ্গে ওষুধ উন্নয়নের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

এমপি/ আরআই

আরও পড়ুন