ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

হৃদ্‌যন্ত্রের চিকিৎসায় নতুন যন্ত্রের অনুমোদন দিল এফডিএ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২১, ২০-১০-২০২৬

হৃদ্‌যন্ত্রের চিকিৎসায় নতুন যন্ত্রের অনুমোদন দিল এফডিএ

ছবি: মেডিকেল পোস্ট

হৃদ্‌যন্ত্র ও রক্তনালির ন্যূনতম আক্রমণাত্মক চিকিৎসাপদ্ধতিতে ব্যবহারের জন্য রক্তনালি বন্ধ করার নতুন যন্ত্রের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

গতকাল (১৯ অক্টোবর) চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান হেমোনেটিকস জানিয়েছে, তাদের তৈরি ‘পারকসিল এলিট’ যন্ত্রটি এ অনুমোদন পেয়েছে।

যন্ত্রটিতে সম্পূর্ণ শোষণযোগ্য একটি প্যাচ ব্যবহার করা হয়, যা সময়ের সঙ্গে শরীরের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। ফলে শরীরে স্থায়ী কোনো ইমপ্ল্যান্ট থেকে যায় না। ন্যূনতম আক্রমণাত্মক হৃদ্‌যন্ত্র ও রক্তনালির চিকিৎসার সময় ধমনিতে তৈরি হওয়া ছিদ্র বন্ধ করতে এটি ব্যবহার করা হবে।

হেমোনেটিকস জানায়, হৃদ্‌যন্ত্রের গঠনগত সমস্যা এবং রক্তনালির ভেতরে করা বিভিন্ন চিকিৎসাপদ্ধতিতে ব্যবহৃত বড় আকারের অ্যাকসেস শিথের সঙ্গে যন্ত্রটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। চিকিৎসকেরা এ যন্ত্র ব্যবহারের সময় গাইডওয়্যারের সংযোগ বজায় রেখেই রক্তপাত বন্ধ হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারবেন।

২০২৬ সালের জানুয়ারিতে আয়ারল্যান্ডভিত্তিক ভিভাশিওর মেডিকেল অধিগ্রহণের মাধ্যমে এ প্রযুক্তির মালিকানা পায় হেমোনেটিকস। প্রতিষ্ঠানটি রক্ত সংগ্রহ, রক্ত ব্যবস্থাপনা এবং হৃদ্‌রোগের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি ও বিক্রি করে।

চলতি মাসের শেষ দিকে ট্রান্সক্যাথেটার কার্ডিওভাসকুলার থেরাপিউটিকস সম্মেলনে যন্ত্রটি নিয়ে আরও ক্লিনিক্যাল তথ্য উপস্থাপন করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এফডিএর অনুমোদনের খবরের পর সোমবার বর্ধিত লেনদেনে হেমোনেটিকসের শেয়ারের দাম প্রায় ১ দশমিক ২ শতাংশ বেড়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন