শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২০, ২৯-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৮ অক্টোবর) ‘রহমান ডেভলপমেন্ট ফাউন্ডেশন’-এর উদ্যোগে কসবা-আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতাল কার্যক্রম উদ্বোধন এবং কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি অনির্ধারিতভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আসতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে সতর্কতা বেড়ে যায়।
একজন রোগী জানান, ‘মন্ত্রী আসবেন শুনে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে, চিকিৎসক ও কর্মীদেরও তৎপরতা দেখা যাচ্ছে। কিন্তু প্রতিদিন যদি এভাবে হাসপাতালের পরিবেশ পরিষ্কার রাখা হতো এবং সবাই দায়িত্ব ঠিকভাবে পালন করতেন, তাহলে রোগীদের জন্য আরও ভালো হতো।’
আরেকজন রোগী বলেন, ‘আমরা হাসপাতালে আসি চিকিৎসা নিতে। প্রতিদিনই যদি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার দিকে এভাবে নজর দেওয়া হতো, তাহলে রোগীদের ভোগান্তি কমত। শুধু কোনো বড় কর্মকর্তা আসার সময় নয়, নিয়মিতই এসব বিষয়ে নজর দেওয়া দরকার।’
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, খবর পাওয়ার পর হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। সরিয়ে দেওয়া হয় মানুষ, গাড়ি, মোটরসাইকেল ও হকারদের দোকান। অল্প সময়ের মধ্যে হাসপাতালের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়। আশপাশের ক্লিনিক ও বাসা থেকে চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও হাসপাতালে আসতে দেখা যায়।
হাসপাতালের গেটে অবস্থান নেন তত্ত্বাবধায়ক, চিকিৎসক, ড্যাবের নেতৃবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রীর অবস্থান জানতে বারবার খোঁজ নেওয়া হচ্ছিল। তিনি কত দূর এগিয়েছেন, কখন হাসপাতালে পৌঁছাবেন—এসব নিয়ে চলছিল আলোচনা। স্বাগত জানাতে প্রস্তুত রাখা হয় ফুলের তোড়াও।
এদিকে, মন্ত্রী ভাদুঘর এলাকায় পৌঁছানোর পর হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা বাড়ে। পরে তিনি পৈরতলা পার হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লে অপেক্ষারতদের মধ্যে স্বস্তি দেখা দেয়। তবে তিনি ঘাটুরা মোড় হয়ে আসতে পারেন, এমন আরেকটি খবর আসায় আবারও তৈরি হয় উৎকণ্ঠা।
বিকেল সাড়ে ৩টার দিকে মন্ত্রীর গাড়িবহর সরাইল বিশ্বরোডে রয়েছে বলে খবর আসে। এরপর তিনি সদর হাসপাতালে আসছেন না—এমন ধারণা থেকে কর্মকর্তারা হাসপাতালের গেট ছেড়ে নিজ নিজ কাজে ফিরতে শুরু করেন।
এ সময় কারও মুখে স্বস্তির কথা শোনা যায়, আবার কেউ ক্লিনিকে অপেক্ষমাণ রোগীদের কাছে ফিরে যাওয়ার তাড়া অনুভব করেন। মন্ত্রীর সম্ভাব্য পরিদর্শনকে কেন্দ্র করে অল্প সময়ের জন্য হাসপাতালের পরিচিত চিত্রে যে পরিবর্তন এসেছিল, তার না আসার খবরে আবারও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।
এমপি/ আরআই