ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

অনশনে বসেছেন চসিকের স্বাস্থ্যকর্মীরা, বন্ধ স্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০৪, ২৯-১০-২০২৬

অনশনে বসেছেন চসিকের স্বাস্থ্যকর্মীরা, বন্ধ স্বাস্থ্যকেন্দ্র

ছবি: মেডিকেল পোস্ট

গত চার মাসের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে অনশনে বসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের কর্মীরা। তাদের আন্দোলনের কারণে বন্ধ রয়েছে স্বাস্থ্যকেন্দ্রগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জড়ো হয়ে অনশন শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। বকেয়া বেতন পরিশোধের সুনির্দিষ্ট নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এ সময় বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। জেলা সিভিল সার্জন ডা: সাজেদুর রহমানের আশ্বাসেও অনশন ভাঙেননি তারা। আন্দোলনকারীদের দাবি, বেতন পরিশোধের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চলবে।

আন্দোলনকারী হামিদুর রহমান বলেন, ‘গত চার মাস ধরে আমরা বেতন থেকে বঞ্চিত। একাধিকবার সিভিল সার্জন কার্যালয়ে ধরনা দিয়েও আশ্বাস ছাড়া কিছু পাইনি। আমরা আশ্বাস নয়, বেতন চাই। বেতন না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না। আমাদের ৩৬২ জনের পরিবার গত চার মাস ধরে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে।’

আন্দোলনকারীরা জানান, অর্থাভাবে ইতোমধ্যে দুই কর্মীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন অসুস্থ কর্মী প্রয়োজনীয় চিকিৎসার খরচ জোগাতে না পেরে মৃত্যুশয্যায় রয়েছেন বলেও দাবি করেন তারা। তাদের কিছু হলে মৃত্যুর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এদিকে, চসিকের স্বাস্থ্য বিভাগ পরিচালিত ৩৬টি কেন্দ্রে নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা এবং বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। তবে কর্মীদের আন্দোলনের কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ থাকায় এসব সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

এ বিষয়ে জানতে জেলা সিভিল সার্জন ডা: সাজেদুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে চসিকের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

এমপি/ আরআই

আরও পড়ুন