ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে শিশুর মৃত্যু, খবর শুনে মারা গেলেন বাবাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৪, ০১-১১-২০২৬ | আপডেট: ৪:১৭, ০১-১১-২০২৬

ডেঙ্গুতে শিশুর মৃত্যু, খবর শুনে মারা গেলেন বাবাও

ছবি: মেডিকেল পোস্ট

বরিশালের মেহেন্দিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত মাস বয়সী ছেলের মৃত্যুর খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার দুবাইপ্রবাসী বাবা আরিয়ান। একই দিনে শিশুটির মায়ের দাদিও মারা গেছেন। এক দিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মধ্যে।

গতকাল (৩১ অক্টোবর) উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে দুবাইয়ে থাকতেন আরিয়ান। তার সাত মাস বয়সী ছেলে আদর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন আরিয়ান। পরে ওই দিন বিকেলে দুবাইয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা।

এদিকে একই দিনে মারা যান শিশুটির মায়ের দাদি। এক দিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকাহত স্বজনরা বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

প্রতিবেশী কবির মাঝি বলেন, সাজানো একটি পরিবার এক দিনের ব্যবধানে এলোমেলো হয়ে গেল। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।

নিহত শিশুর নানা মো. জসিম হাজারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, নিহত শিশুটি আমার নাতি, আর আরিয়ান আমার জামাতা। একই দিনে মারা গেছেন আমার শাশুড়িও। এক দিনে তিনটি শোক আমাকে স্তব্ধ করে দিয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন