ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইবোলা সন্দেহে আইসোলেশনে থাকা দুই ব্যক্তির নমুনা নেগেটিভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৪৭, ০১-১১-২০২৬

ইবোলা সন্দেহে আইসোলেশনে থাকা দুই ব্যক্তির নমুনা নেগেটিভ

ছবি: মেডিকেল পোস্ট

নাইজেরিয়ায় ইবোলায় আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা দুই ব্যক্তির নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। দুই দফা পরীক্ষার পর তাদের শরীরে ইবোলা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

রোববার (১ নভেম্বর) নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (এনসিডিসি) এ তথ্য জানায়।

এনসিডিসি জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই দুই ব্যক্তিকে আইসোলেশনে রেখে তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত, তালিকাভুক্ত এবং পরীক্ষার কার্যক্রম চালানো হয়। দুই দফা পরীক্ষায় তাদের নমুনা নেগেটিভ এসেছে।

এর আগে, এক দশকেরও বেশি সময় পর গত সপ্তাহে নাইজেরিয়ায় প্রথম ইবোলা সংক্রমণ শনাক্ত হয়। উগান্ডা সফর শেষে দেশটির রাজধানী আবুজায় ফেরা এক সুইস নারীর শরীরে এ ভাইরাস পাওয়া যায়। পরে গত সোমবার ওই নারী ও তার স্বামীকে চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত নাইজেরিয়ায় এটিই একমাত্র নিশ্চিত ইবোলা সংক্রমণের ঘটনা।

এদিকে আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। গত মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে দেশটিতে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কেনিয়া ও উগান্ডাতেও ইবোলা সংক্রমণের খবর পাওয়া গেছে।

কঙ্গোর প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলার বিরল ‘বান্দিবুগিও’ প্রজাতির বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো চিকিৎসা বা টিকা নেই।

এমপি/ আরআই

আরও পড়ুন