ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, কারখানা মালিকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৯, ১২-১১-২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, কারখানা মালিকের কারাদণ্ড

ছবি: মেডিকেল পোস্ট

নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন ও সংরক্ষণের দায়ে জয়কালিবাড়ি দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। অভিযানে প্রায় চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয়।

গতকাল (১১ নভেম্বর) সন্ধ্যায় শহরের লালবাজার এলাকার জয়কালিবাড়ীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কারখানার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরি এবং সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া সেখানে প্রচুর তেলাপোকার উপস্থিতি দেখা যায়। পাশাপাশি মেঝেতে উন্মুক্ত অবস্থায় পড়ে ছিল খাদ্যপণ্য। সব মিলিয়ে কারখানাটির উৎপাদন ও সংরক্ষণ পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নিরাপদ খাদ্য আইনে এ দণ্ডাদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ও সংরক্ষিত প্রায় চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এমপি/ আরআই

আরও পড়ুন