শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২০, ১২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে সার্কিট হাউজে ‘ডিস্ট্রিক্ট হেলথ প্ল্যানিং’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামের সাধারণ মানুষ হাসপাতালে এসে কোথায় যাবেন, তা বুঝতে না পেরে দালালদের খপ্পরে পড়েন। এ পরিস্থিতি বন্ধে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের কলেজ থেকে ১০ জন শিক্ষার্থী—পাঁচজন ছাত্র ও পাঁচজন ছাত্রী—সপ্তাহে একদিন স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর বিনিময়ে তাদের দৈনিক সম্মানী দেওয়া হবে। তারা রোগীদের টিকিট কাটা থেকে শুরু করে চিকিৎসক ও পরীক্ষাগার পর্যন্ত পথ দেখিয়ে দেবেন এবং হাসপাতালে নিজস্ব মালিকানাবোধ তৈরি করবেন।’
পরিবার পরিকল্পনা খাতের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, আগামী ১ ডিসেম্বর থেকে জাতীয় পর্যায়ে এক বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। শুরুর দিন থেকেই মাঠকর্মীরা হাতে পর্যাপ্ত পরিবার পরিকল্পনা সামগ্রী নিয়ে কাজ করতে পারবেন। দেশের যে পাঁচ-ছয়টি জেলায় প্রথম ‘ই-হেলথ কার্ড’ পাইলটিং হবে, তার মধ্যে সিরাজগঞ্জও রয়েছে। আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণাও দেন তিনি।
ড. এম এ মুহিত বলেন, বড় প্রকল্পের অপেক্ষায় না থেকে বিদ্যমান সীমিত সম্পদ দিয়ে আগামী তিন মাসের মধ্যে মানুষকে পরিচ্ছন্ন হাসপাতাল, দালালমুক্ত পরিবেশ এবং বিনামূল্যে অন্তত অর্ধেক ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার সেবা দিতে হবে। জনগণের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করতে সুশীল সমাজ, সাংবাদিক ও সেবাগ্রহীতাদের নিয়ে ‘ডিস্ট্রিক্ট হেলথ ফোরাম’ গঠন এবং নিপসমের গবেষকদের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য সমস্যা নিয়ে গবেষণার কথাও জানান তিনি।
সিরাজগঞ্জের প্রায় সাড়ে ৩৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব উপস্থিত কর্মকর্তাদের হাতে উল্লেখ করে প্রতিমন্ত্রী জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও মেডিকেল কলেজকে আগামী সাত দিনের মধ্যে ৯০ দিনের কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন। পরিকল্পনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মাসের পৃথক লক্ষ্যমাত্রা উল্লেখ করতে বলেন তিনি।
কর্মশালায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য পাইলট হিসেবে তাদের হাতে ১০ থেকে ৫০ লাখ টাকার বিশেষ পরিচালন তহবিল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আগামী ফেব্রুয়ারির মধ্যে পাঁচ হাজার নতুন জনবল নিয়োগ সম্পন্ন হলে সিরাজগঞ্জের সব শূন্য পদ পূরণ করে জেলাটিকে একটি ‘লাইটহাউস’ বা মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। পাশাপাশি রোগীদের প্রতি চিকিৎসক ও নার্সদের সদ্ব্যবহার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন সচিব।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, গত আট মাসে দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি, পরিচ্ছন্নতা এবং ভ্যাকসিন ও জরুরি ওষুধের সরবরাহে দৃশ্যমান উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সিরাজগঞ্জের উপজেলাগুলোতে জনবান্ধব ‘ভিজিল্যান্স টিম’ ও ‘অভিযোগ নিষ্পত্তি সেল’ গঠন করে মডেল জেলা বাস্তবায়নে অধিদপ্তর থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন ডা: মুহাম্মদ নুরুল আমিন।
এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: জালালউদ্দিন মোহাম্মদ রুমি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) নাহিদ সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: এরফান আহমেদ, উপসচিব ওয়ায়েস আনসারী, প্রতিমন্ত্রীর একান্ত সচিব সারওয়ার সালাম, জেলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শহীদুল্লাহ দেওয়ান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ রায়হানুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুল আরেফিন প্রমুখ।
এমপি/ আরআই