শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০, ১২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এ উদ্যোগ নেওয়া হয়। গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তসংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে। ২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়।
এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়েছে। গত ১৩ জুলাই রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে ৪০০ করা হয়। একই দিনে রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে।
জুনে নরসিংদী জেলা হাসপাতালের শয্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়। এ ছাড়া কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়েছে। ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৫০টি শয্যা বাড়ানো হয়।
অন্যদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে ৫০টিতে উন্নীত করা হয়েছে। ফেনীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি এবং রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া ও ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে। রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাও ৩১ থেকে ৫০টিতে উন্নীত করা হয়েছে।
এ ছাড়া রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ এবং জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের শয্যা ১১৫টি বাড়িয়ে ২৫০ করা হয়েছে।
এদিকে গত ১৫ মে ও ১৪ জুন সরকার নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এর একটি হবে ঠাকুরগাঁওয়ে এবং অন্যটি নরসিংদীতে।
গত জুনে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে ১২ আগস্ট সেই সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা: মো. নুরুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার মানুষকে ভালো চিকিৎসাসেবা দিতে চেষ্টা করছে।
তিনি বলেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীরা যাতে শয্যা পেতে সমস্যায় না পড়েন, সে জন্য মানুষের প্রয়োজন বিবেচনায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫১ শয্যায় উন্নীত করার কাজ সম্পন্ন হলে দেশের চিকিৎসাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা যাবে।
এমপি/ আরআই