ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

ইয়েমেনে ১০ মাসে হামে ২৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫২, ১২-১১-২০২৬

ইয়েমেনে ১০ মাসে হামে ২৬ মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

ইয়েমেনের তাইজ গভর্নরেটে হামের ভয়াবহ বিস্তার দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে সেখানে হাম আক্রান্ত হয়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, হুতিদের অবরোধের কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে।

তাইজের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যবিষয়ক গণমাধ্যম কর্মকর্তা তায়সির আল-সামেই জানান, চলতি বছরের শুরু থেকে অক্টোবরের শেষ পর্যন্ত এসব আক্রান্ত ও মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

তাইজ জনস্বাস্থ্য ও জনসংখ্যা দফতরের তথ্য অনুযায়ী, অবরোধের কারণে গভর্নরেটটির প্রায় ৩ লাখ ৪৭ হাজার শিশু হাম ও রুবেলার টিকা থেকে বঞ্চিত হয়েছে। এ ছাড়া আরও ৭২ হাজার ৫০০ শিশু নিয়মিত অন্যান্য টিকাদান কর্মসূচির বাইরে রয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের অভিযোগ, তাইজ শহরের ওপর হুতিদের আরোপ করা অবরোধের কারণে টিকা সরবরাহ ও টিকাদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে বিপুলসংখ্যক শিশু প্রতিরোধযোগ্য সংক্রামক রোগের ঝুঁকিতে পড়েছে।

কর্মকর্তাদের আশঙ্কা, দীর্ঘদিন টিকাদান কার্যক্রম ব্যাহত থাকলে শিশুদের মধ্যে হাম, রুবেলাসহ অন্যান্য সংক্রামক রোগের বিস্তার আরও বাড়তে পারে। বিশেষ করে প্রয়োজনীয় টিকা না পাওয়ায় শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জরুরি আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তাইজ জনস্বাস্থ্য ও জনসংখ্যা দপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সরবরাহ এবং ব্যাহত টিকাদান কর্মসূচি পুনরায় চালু করতে সহযোগিতা চাওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, টিকাসংকট মোকাবিলা এবং শিশুদের জীবন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন