ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

ইনকিউবেটরে আগুনে দগ্ধ সেই নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০৯, ১২-১১-২০২৬ | আপডেট: ১১:২০, ১২-১১-২০২৬

ইনকিউবেটরে আগুনে দগ্ধ সেই নবজাতকের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানীর চানখারপুলের বেসরকারি রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালের এনআইসিইউতে ইনকিউবেটরে আগুন লেগে ৯৫ শতাংশ দগ্ধ হওয়া নবজাতকটি মারা গেছে।

গতকাল (১১ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

জানা যায়, গত শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম হয় শিশুটির। জন্মের পর শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকেরা তাকে এনআইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢামেক হাসপাতালে শয্যা খালি না থাকায় এক ওয়ার্ডবয়ের মাধ্যমে শিশুটিকে রয়েল কেয়ার হাসপাতালে নেওয়া হয়।

শিশুটির বাবা রাব্বানীর অভিযোগ, রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে ইনকিউবেটরের অতিরিক্ত উত্তাপ কিংবা বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগে। এতে শিশুটির শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ঘটনার পর শিশুটির বাবা অভিযোগ করেন, আগুন লাগার সময় হাসপাতালের কর্মীদের কাউকে পাওয়া যায়নি। পরে স্বজনদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে সন্তানের পরিণতির প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলেও দাবি করেন তিনি।

তবে অবহেলার অভিযোগ অস্বীকার করে রয়েল কেয়ার হাসপাতালের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না। রোগীর স্বজনকে মারধরের অভিযোগও অস্বীকার করেন তিনি।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: তাজকিয়া হক জানিয়েছিলেন, নবজাতকের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এমপি/ আরআই

আরও পড়ুন