ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

চোখের চিকিৎসা হলো না, সড়কে প্রাণ গেল শফিকুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৬, ১২-১১-২০২৬

চোখের চিকিৎসা হলো না, সড়কে প্রাণ গেল শফিকুলের

ছবি: মেডিকেল পোস্ট

চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শফিকুল ইসলাম খান নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে রাজধানীর উত্তরার আজমপুরে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, সকাল সোয়া ৬টার দিকে শফিকুলকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালিকা রুবিয়া খাতুন জানান, চোখের সমস্যার চিকিৎসা করাতে শফিকুলসহ গ্রামের আরও পাঁচজন ঢাকায় আসছিলেন। ভোরে উত্তরার আজমপুর এলাকায় গাড়ি থেকে নেমে তারা রাস্তার এক পাশে অবস্থান করছিলেন। এ সময় শফিকুল একাই রাস্তার অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে একটি গাড়ির ধাক্কায় সড়কে পড়ে যান। পরে শফিকুলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

নিহত শফিকুলের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর এলাকায়। তার বাবার নাম নিজাম উদ্দিন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, শফিকুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে উত্তরখান থানাকে জানানো হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন