শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৮, ১২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা: মির্জা শরিফুজ্জামান বলেন, দেশে হৃদ্রোগ, কিডনি, চক্ষু, পরিপাকতন্ত্র ও মানসিক স্বাস্থ্যসেবার জন্য পৃথক জাতীয় বিশেষায়িত প্রতিষ্ঠান থাকলেও ডায়াবেটিস ও অন্যান্য হরমোনজনিত রোগের চিকিৎসা, গবেষণা এবং ব্যবস্থাপনার জন্য এখনো কোনো জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি। অথচ এসব রোগের ব্যাপকতা ও জটিলতা বিবেচনায় এ ধরনের একটি প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি।
তিনি বলেন, এন্ডোক্রাইন বা হরমোনজনিত রোগ বলতে শুধু ডায়াবেটিসকে বোঝায় না। এর আওতায় থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রেনাল, ক্যালসিয়াম ও হাড়ের বিভিন্ন রোগ, স্থূলতা, অস্টিওপোরোসিস, ভিটামিন-ডি ঘাটতি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), বন্ধ্যাত্ব এবং শিশুদের বৃদ্ধি ও হরমোনজনিত সমস্যাও রয়েছে। বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দেড় কোটি। পাশাপাশি থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যাও কয়েক কোটি বলে ধারণা করা হয়।
তিনি আরও বলেন, অনেক সময় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না আসা, শরীরে ক্যালসিয়ামের অস্বাভাবিকতা, হাড়ের রোগ কিংবা লবণের ভারসাম্যহীনতার পেছনে হরমোনজনিত কারণ থাকে। আবার অন্য রোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বা মাত্রা বেড়ে যেতে পারে। ডায়াবেটিসের সঙ্গে অন্যান্য হরমোনজনিত রোগ যুক্ত হলে চিকিৎসাও জটিল হয়ে ওঠে। তাই এসব সমস্যাকে আলাদাভাবে না দেখে সমন্বিত চিকিৎসাব্যবস্থার আওতায় আনা প্রয়োজন।
জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে এন্ডোক্রাইনোলজিস্ট, শিশু এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়েটিশিয়ান, চক্ষু, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ, প্রসূতি বিশেষজ্ঞ এবং ফুট-কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে একই ছাদের নিচে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। বিশেষ করে ডায়াবেটিক ফুটসহ বিভিন্ন জটিলতায় বহুবিভাগীয় চিকিৎসা কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি, সময় ও ব্যয় কমবে। পাশাপাশি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা প্রতিরোধেও সহায়তা করবে।
দক্ষ জনবল তৈরি ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে ডা: মির্জা শরিফুজ্জামান বলেন, দেশে এন্ডোক্রাইনোলজিস্টের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শুধু বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করলেই হবে না; ডায়াবেটিস নার্স, ডায়াবেটিস এডুকেটর, ডায়েটিশিয়ান ও অন্যান্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীও তৈরি করতে হবে। রোগীকে ইনসুলিন ব্যবহারের নিয়ম, খাবারের সঙ্গে ইনসুলিনের মাত্রা সমন্বয়, রক্তে গ্লুকোজ পর্যবেক্ষণ এবং জীবনযাপন পদ্ধতি সম্পর্কে যথাযথ শিক্ষা দেওয়া জরুরি। এ জন্য উচ্চতর প্রশিক্ষণ, ফেলোশিপ, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং জেলা পর্যায়ে চিকিৎসকদের মেন্টরিংয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন। জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট এ ক্ষেত্রে কেন্দ্রীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে।
দেশীয় গবেষণা ও জাতীয় তথ্যভান্ডার তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমানে চিকিৎসার ক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন গাইডলাইন অনুসরণ করা হলেও বাংলাদেশের মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস, আর্থসামাজিক অবস্থা ও রোগের বৈশিষ্ট্য বিবেচনায় নিজস্ব গবেষণার প্রয়োজন রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর তুলনামূলক কম বিএমআইয়ে এবং কম বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা, থাইরয়েড ও আয়োডিনের অবস্থা, ভিটামিন-ডি ঘাটতি এবং হাড়ের স্বাস্থ্য নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে ডা: মির্জা শরিফুজ্জামান বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি দীর্ঘদিন ধরে জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তারা বিষয়টির প্রতি আন্তরিকতা প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া ইনস্টিটিউট প্রতিষ্ঠার একটি প্রস্তাবনা ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, দেশে ডায়াবেটিস ও অন্যান্য হরমোনজনিত রোগের ব্যাপকতা এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব বিবেচনায় সরকার দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে।
এমপি/ আরআই