ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

১৯২ স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪১ কোটি টাকা চায় স্বাস্থ্যসেবা বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৪, ১৫-১০-২০২৬

১৯২ স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪১ কোটি টাকা চায় স্বাস্থ্যসেবা বিভাগ

ছবি: মেডিকেল পোস্ট

দেশের ১২টি সিটি কর্পোরেশন ও ২৩টি পৌরসভার অধীন ১৯২টি আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টার পরিচালনায় ৪১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৬ টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম নয় মাসে এসব স্বাস্থ্যকেন্দ্রের পরিচালন ব্যয় নির্বাহে এ অর্থ চাওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট-১ শাখা।

চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত ১২টি সিটি কর্পোরেশন ও ২৩টি পৌরসভার ১৯২টি আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টার স্বাস্থ্যসেবা বিভাগের অনুকূলে হস্তান্তর করা হয়েছে। এসব কেন্দ্র সংশ্লিষ্ট সিভিল সার্জনের মাধ্যমে গ্রহণ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, স্বাস্থ্যকেন্দ্রগুলোর বেতন-ভাতা, ওষুধ, চিকিৎসা ও শল্যচিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নয় মাসের সম্ভাব্য পরিচালন ব্যয়ের জন্য এ বরাদ্দ চাওয়া হয়েছে।

চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অনুকূলে প্রাতিষ্ঠানিক কোড সৃষ্টি করে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বরাদ্দ করা অর্থ সংশ্লিষ্ট সিভিল সার্জনদের অনুকূলে অথরাইজেশনের মাধ্যমে ন্যস্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন