ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন দীর্ঘদিন ধরে সহযোগিতা করছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৯, ১৫-১০-২০২৬

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন দীর্ঘদিন ধরে সহযোগিতা করছে

ছবি: মেডিকেল পোস্ট

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সহযোগিতা করে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতাল নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও চিকিৎসকদের প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশে ‘ইউনান হ্যান্ড ইন হ্যান্ড’ কর্মসূচির ‘ব্রাইটনেস অ্যাকশন’ কার্যক্রমের উদ্বোধন ও ‘উজ্জ্বল চোখ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে চীন বাংলাদেশের পাশে রয়েছে। দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার সম্পর্ক অত্যন্ত গভীর। চীনের সহযোগিতায় নীলফামারিতে একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রমও এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টা আরো গতিশীল হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. লিউ ইউইন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, চীনের ইউনান প্রদেশের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সফলভাবে ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিন দিনে এসব অস্ত্রোপচার করা হয়।

পরে মন্ত্রী ছানি অস্ত্রোপচার করা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এমপি/ আরআই

আরও পড়ুন