ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২১, ২৬-১০-২০২৬

ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: মেডিকেল পোস্ট

বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে যৌথ উদ্যোগে একটি আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৬ অক্টোবর) রাতে জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় আয়োজিত এক বিশেষ নৈশভোজে এ বিষয়ে আলোচনা করেন সফররত প্রধানমন্ত্রী। নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের কথা স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতের উন্নয়নে সাসাকাওয়ার দীর্ঘদিনের অবদানের জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদন কারখানা প্রতিষ্ঠার জন্য জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব পায়।

নৈশভোজে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা: জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন