ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

এনআইসিভিডির নতুন পরিচালক হচ্ছেন ডা: ইব্রাহিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৬, ২৭-১০-২০২৬

এনআইসিভিডির নতুন পরিচালক হচ্ছেন ডা: ইব্রাহিম চৌধুরী

ছবি: মেডিকেল পোস্ট

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক পদ থেকে অবসরে গেছেন অধ্যাপক ডা: আব্দুল ওয়াদুদ চৌধুরী। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অধ্যাপক ডা: মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী। হাসপাতালটির পরিচালক নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

গত ২৫ অক্টোবর সরকারি চাকরিজীবনের দীর্ঘ অধ্যায় শেষ করেন অধ্যাপক ডা: আব্দুল ওয়াদুদ চৌধুরী। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে এনআইসিভিডির পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

কর্মজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালে ঢাকা মেডিকেল কলেজে পূর্ণ অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।

১৯৬৫ সালের ২৫ অক্টোবর সিলেটে জন্ম নেওয়া অধ্যাপক ওয়াদুদ চৌধুরী ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস ও কার্ডিওলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি ও বাংলাদেশ ইন্টারভেনশনাল কার্ডিওলজি সোসাইটির সহসভাপতি এবং ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির সদস্য। এ ছাড়া তিনি আইপিডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে এনআইসিভিডির নতুন পরিচালক হিসেবে অধ্যাপক ডা: মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর নাম চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে পরিচালক পদে অধ্যাপক ডা: নজরুল ইসলাম, অধ্যাপক ডা: তৌফিকুর রহমান ফারুক ও অধ্যাপক ডা: মাহমুদুল্লাহ ফিরোজসহ কয়েকজন হৃদরোগ বিশেষজ্ঞের নাম আলোচনায় ছিল।

অধ্যাপক ডা: মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কলেজটির ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। ১৭তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি। কর্মজীবনের দীর্ঘ সময় চট্টগ্রামে কাটিয়েছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ঢাকায় বদলি বা পদায়ন নিয়ে আসেন।

এনআইসিভিডির নতুন পরিচালক নিয়োগ প্রসঙ্গে এক প্রভাবশালী চিকিৎসক বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি) কেবল একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান নয়, এটি দেশের লাখ লাখ হৃদরোগীর প্রধান ভরসাস্থল। প্রতিদিন সারাদেশ থেকে প্রান্তিক ও দূর-দূরান্তের হাজার হাজার মানুষ এখানে উন্নত ও জরুরি চিকিৎসার আশায় ছুটে আসেন। তাই এই হাসপাতালের পরিচালক পদটি সারাদেশে সার্বিক হৃদরোগ চিকিৎসার মান নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ একটি আসন। এই হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান এবং প্রশাসনিক গতিশীলতা সচল রাখতে পরিচালক পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল।

তিনি আরও বলেন, এত বড় এবং স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করতে হলে নতুন নেতৃত্বের মধ্যে যেমন দূরদর্শী প্রশাসনিক দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে, তেমনই থাকতে হবে সততা ও স্বচ্ছতা। সাধারণ রোগীরা যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান ও গতিশীলতা যেন নতুন উচ্চতায় পৌঁছায়—নতুন পরিচালকের কাছে দেশবাসীর সেই প্রত্যাশাই থাকবে এবং মানুষের প্রত্যাশার আলোকে কাজ করতে হবে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘একজন সৎ, দক্ষ ও ভালো ক্লিনিশিয়ান পরিচালক চাই। স্বাস্থ্য মন্ত্রণালয় যাকে নিয়োগ দেয়, এখন দেখার বিষয়।’

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন